[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আজ বুধবার দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে রাজধানীতে শুরু হচ্ছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) পণ্য মেলা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৯ দিনের অষ্টম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২০ হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করবেন। মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। দেশের বিভিন্ন এলাকা থেকে আসা স্বল্প পুঁজির উদ্যোক্তাদের তৈরি পণ্য প্রদর্শন ও বিক্রি করা হবে। এসব তথ্য জানা গেছে এসএমই ফাউন্ডেশন সূত্রে।
এবারের জাতীয় এসএমই পণ্য মেলায় শাড়ি, সালোয়ার-কামিজ ও ওড়নার সেট, শিশুদের পোশাক, ছেলেদের ফতুয়াসহ বিভিন্ন ধরনের পোশাক পাওয়া যাবে। বিছানা চাদর, সোফার কুশন, নকশি কাঁথা, বালিশের কাভারসহ বিভিন্ন ধরনের ঘর-গৃহস্থালির পণ্যও এখানে বিক্রি হবে। ব্যাগ, জুতা, স্যান্ডেল, গয়না সবই পাওয়া যাবে। আরো পাওয়া যাবে পাটজাত পণ্য, খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়াজাত সামগ্রী, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক সামগ্রী, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, তথ্য-প্রযুক্তি (আইটি) পণ্য, প্লাস্টিক ও সিনথেটিক পণ্য, হস্তশিল্পসহ বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পণ্য।
খুলনা থেকে মেলায় অংশ নিতে আসা খাদিজা রওনক বলেন, ‘প্রতিবছরই মেলায় অংশ নিয়ে থাকি। গত সাত-আট মাস ধরে পণ্য বানিয়েছি।’
এবারের মেলায় সারা দেশ থেকে ২৯৬টি এসএমই উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশ নেবে। তারা ৩০৯টি স্টলে নিজেদের উত্পাদিত পণ্য প্রদর্শন করবে। উদ্যোক্তাদের মধ্যে ১৯৫ জন নারী উদ্যোক্তা এবং ১০১ জন পুরুষ উদ্যোক্তা রয়েছেন। পাশাপাশি এ মেলায় ক্রেতা ও বিক্রেতা মিটিং বুথ, রক্তদান কর্মসূচি, মিডিয়া সেন্টারসহ অনলাইন পণ্য মার্কেটিং বিষয়ক স্টল থাকবে। এ ছাড়া সরকারি সংস্থা বিসিক, বিএসইসি, বিসিআইসি, বিটাক ও বিএসটিআইয়ের পাশাপাশি মেলার স্পন্সর ব্র্যাক ব্যাংক, অগ্রণী ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকের স্টল থাকবে মেলায়।


























